আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র নেতাকর্মীরা পুলিশের সঙ্গে হামলা-মারামারি করে মিডিয়া কাভারেজ পাওয়ার চেষ্টা করেন। আমরা আশঙ্কা করছি ২০১৩-১৪ তে তারা যেভাবে আগুন, সন্ত্রাস, বোমাবাজি করেছিল, সেটারই পুনরাবৃত্তি ঘটাতে চাইবে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আন্তর্জাতিক কনফারেন্সে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, তারা যখনই রাজপথে আসে, তখন আন্দোলন জমানোর জন্য, দৃষ্টি আকর্ষণের জন্য, মিডিয়া কাভারেজের জন্য নিজেরাই পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। যাতে পুলিশ তাদের ওপর চড়াও হয়। পুলিশকে আপনি আক্রান্ত করবেন, পুলিশ কী নিজেকে রক্ষা করবে না? অবশ্যই রক্ষা করবে।
তিনি বলেন, বিএনপি জানে, নির্বাচন করে শেখ হাসিনা সরকারকে হটাতে পারবে না। তারা এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে যাচ্ছে। সরকার তাদের ওপর হামলা করছে, এমন অপবাদ দিচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির সেই কর্মীরা যারা এখন আর কর্মী নেই, দুর্বৃত্ত হয়ে গেছে। যারা সন্ত্রাসী মামলার আসামি, তাদেরকে ধরতে যাওয়া কি পুলিশের অপরাধ? খারাপ কাজ যারা করবে, অপরাধ যারা করবে, তারা আওয়ামী লীগের হলেও ছাড় নেই। এ কথা প্রধানমন্ত্রীও বারবার বলেছেন। এ বিষয়ে তিনি শূন্য সহিষ্ণুতা নীতি অবলম্বন করেন।
সূত্র: বাসস










