spot_img

শাওনের পরিবার, বন্ধু-বান্ধব কাউকে জানাজায় অংশ নিতে দেয়নি : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কী অমানবিক ও হৃদয়বিদারক যে সরকার তার লাশটিও পরিবারের কাছে হস্তান্তর করেনি। সবশেষে রাত ২টায় পুলিশ পাহারায় তার মরদেহ দাফন করা হয়েছে। তার পরিবার, নেতাকর্মী, বন্ধু-বান্ধব কাউকে জানাজায় অংশ নিতে দেয়নি।

শুক্রবার (২ সেপ্টেম্বর) ‍দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত গায়েবানা জানাজায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এ ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পর থেকে গুম, খুন, হত্যার মধ্যে দিয়ে তাদের একদলীয় শাসনকে প্রতিষ্ঠিত করতে চায়। তারা বিরোধী দল-মতকে নিশ্চিহ্ন করতে চায়। বিশেষ করে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি, দেশনেত্রী খালেদা জিয়ার দল বিএনপিকে তারা নির্মূল করে দিতে চায়।

তিনি বলেন, শাওনের রক্ত বৃথা যেতে পারে না। তার এ আত্মত্যাগ ও আত্মদান আমাদের আরও শক্তিশালী করবে। শাওনের আত্মত্যাগকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। এই শোককে শক্তিতে রূপান্তর করব। সমস্ত শক্তিকে একত্রিত করে এ সরকারকে পরাজিত করতে সক্ষম হব।

তিনি আরও বলেন, গণতন্ত্রের মুক্তির জন্য আমরা যে লড়াই শুরু করেছি, খালেদা জিয়ার মুক্তির জন্য যে সংগ্রাম-লড়াই করছি, শান্তিপূর্ণভাবে এ আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে বিজয় অর্জন করব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ