আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, ক্ষমতায় থাকাকালে বিএনপি মধ্যযুগীয় কায়দায় আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার-নির্যাতন করে ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর গ্রিন রোড স্টাফ কোয়ার্টার মাঠে ধানমন্ডি, কলাবাগান ও নিউ মার্কেট থানাধীন বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে তারা (বিএনপি-জামায়াত) চরম নির্যাতন ও হত্যাকান্ডের পথ বেছে নিয়েছিল। তাদের এই অত্যাচার-নির্যাতনের ইতিহাস আরব্য রজনীর গল্পের মতো এক হাজার এক রাতেও বলে শেষ করা যাবে না।
তিনি বলেন, ভিক্ষার মনোবৃত্তি নিয়ে বিএনপি দেশ চালিয়েছিল। ক্ষমতায় থাকতে তারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করেনি, কারণ তাদের সেই সময়ের অর্থমন্ত্রী সাইফুর রহমান বলে বেড়াতেন যে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে বিদেশি সাহায্য পাওয়া যাবে না। অন্যদিকে আওয়ামী লীগ কারও ওপর, কোন বিদেশি শক্তির ওপর নির্ভরশীল নয়। বিএনপির মতো ভিক্ষার মনোবৃত্তি নিয়ে দেশ চালায় না।
সূত্র: বাসস










