আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, অসাম্প্রদায়িক রাজনীতির দেশ বাংলাদেশ। সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারে।
বুধবার (১৪ই সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার।
১৪ দলের মুখপাত্র বলেন, বাংলাদেশে সব ধর্মের লোক বাস করে, ধর্ম দিয়ে করো মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা যাবে না। সম্প্রীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা হচ্ছে। দেশকে এগিয়ে নিতে আগামীতে আওয়ামী লীগকে ভোট দেয়ার আহবান জানান তিনি।
সমাবেশ শেষে তিনি উপজেলা মাসিক সমন্বয় সভায় উপস্থিত থাকেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মৎস্য অধিদপ্তরের আয়োজনে মাছের পোনা অবমুক্ত করেন আমির হোসেন আমু।










