মিয়ানমার থেকে ছোড়া মর্টারের গোলার আঘাতে বাংলাদেশের বান্দরবানে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকায় দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।
এ নিয়ে এক মাসের মধ্যে চতুর্থবারের মতো তলব করা হলো সামরিক জান্তাশাসিত দেশটির রাষ্ট্রদূতকে।
রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের এই দূতকে তলব করে কড়া প্রতিবাদ জানায় ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া উইংয়ের মহাপরিচালক নাজমুল হুদা তাকে তলব করেন।
গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে বান্দরবানের ঘুমধুম ঘোনারপাড়া সীমান্তে শূন্যরেখায় মর্টারের ওই গোলা এসে বিস্ফোরণ হয়। এতে মোহাম্মদ ইকবাল (২৮) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত আটজন।











