স্কুল চলাকালে কোনো শিক্ষার্থীকে হোটেল-রেস্তোরাঁ কিংবা পার্কে পাওয়া গেলে তাকে আটক করার নির্দেশ দিয়েছেন নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এ ছাড়াও স্কুল কলেজের সামনে এমনকি পাড়া মহল্লায় কোনো বখাটে ঘোরাফেরা করলে তাদেরও আটক করে গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে মাঠে অনুষ্ঠিত ‘ওপেন হাউস ডে’র অনুষ্ঠানে এই ঘোষণা দেন নবাগত পুলিশ সুপার।
সৈয়দপুর থানার আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আমিরুল ইসলাম, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিন হোসেন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন ও বীর মুক্তিযোদ্ধা একরামুল হক।











