spot_img
spot_img

বাস-লঞ্চের পর খুলনায় এবার ২৪ ঘণ্টার জন্য বন্ধ হলো নগরে প্রবেশের প্রধান দুই খেয়াঘাট

খুলনায় বাস ও যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধের পর এবার বন্ধ করা হয়েছে নগরে প্রবেশের প্রধান দুই খেয়াঘাট।

শুক্রবার (২১ অক্টোবর) রাতে ২৪ ঘণ্টার জন্য রূপসা ও জেলাখানা ঘাট বন্ধের ঘোষণা দেন নৌকা মাঝি সমিতির নেতারা।

এ বিষয়ে পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিনচালিত নৌকা মাঝি সংঘের সভাপতি মো. রেজা ব্যাপারী বলেন, একদিকে জ্বালানি তেল, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেড়েছে। অথচ রূপসা ঘাটের ট্রলারভাড়া বাড়েনি। তাই যাত্রী প্রতি এক টাকা ভাড়া বাড়ানোর দাবিতে ২৪ ঘণ্টার জন্য ঘাট পারাপার বন্ধের ঘোষণা দিয়েছি।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, বিভিন্ন জেলা থেকে এসে বিপুল সংখ্যক নেতা-কর্মী রূপসায় অবস্থান করছেন। তারা যাতে নগরীতে প্রবেশ করতে না পারেন, সেজন্য ঘাট দুটি বন্ধ করা হয়েছে। কিন্তু কোনোভাবেই গণসমাবেশ ঠেকানো যাবে না। যেকোনো মূল্যে সমাবেশ সফল করা হবে। বিনা কারণে সাধারণ মানুষকে যেন হয়রানি না করা হয়।

বিএনপির বিভাগীয় সমাবেশের মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক এহতেশামুল হক বলেন, বিএনপি নেতা-কর্মীরা দূর-দূরান্ত থেকে খুলনায় প্রবেশ করেছেন। তারা পায়ে হেঁটে আসার পাশাপাশি বিভিন্ন বাহনে করে খুলনায় এসেছেন। অনেকে বাধার মুখে পড়েছে। অনেককে আটক করা হয়েছে। বাস, লঞ্চ, খেয়াঘাট বন্ধ রেখে নেতাকর্মীদের স্রোত ঠেকানো যাবে না। যত বাধা আসুক না কেন সমাবেশ সফল হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ