পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে পটুয়াখালীর উপকূল জুড়ে হালকা-মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) সকাল পর্যন্ত দেশের সর্বোচ্চ ১২২.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পটুয়াখালী ও কলাপাড়া রাডার স্টেশন।
জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য মানুষের জানমাল রক্ষা, আঘাত হানার পূর্বে উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকার জনসাধারণকে নিরাপদে কাছাকাছি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়াসহ পরবর্তী সকল ধরনের উদ্ধার তৎপরতার বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। জেলার ৮ উপজেলায় মোট ৭০৩টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও ২৬টি মুজিব কিল্লা প্রস্তুত রয়েছে। জেলায় প্রতিটি ইউনিয়নে মেডিকেল টিম, পর্যাপ্ত খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শুকনা খাবার এবং নগদ অর্থ সরবরাহ করা হয়েছে। পাশাপাশি মানুষের জানমাল নিরাপত্তাসহ সকল বিষয়ে আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগীতা করবেন।











