ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম বলেছেন, রাজনীতিতে গুণগত ও আদর্শিক পরিবর্তন প্রয়োজন। স্বাধীনতার ৫১ বছরে যারা দেশকে দুর্নীতিমুক্ত করতে ব্যর্থ হয়ে নিজেরাই দুর্নীতিতে আকুন্ঠ নিমজ্জিত, আগামী নির্বাচনে সেইসকল দলগুলোকে প্রত্যাখান করতে হবে।
তিনি বলেন, ইসলাম, দেশ ও মানবতা আজ বিপন্নের পথে। স্বাধীনতার ৫১ বছরে দেশের শান্তি মানবতার মুক্তির লক্ষ্যে বারবার সরকারের পরিবর্তন, মার্কার পরিবর্তন হলেও শান্তি আর মুক্তি ফিরে আসেনি। দেশের স্থায়ী শান্তি মানবতার সার্বিক মুক্তির জন্যে ইসলামের বিকল্প নাই।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচনের প্রতিবাদ, মদের বিধিমালা বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি এবং দরিদ্রমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় মহাসমাবেশ থেকে ঘোষিত ১৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, রংপুরবাসী কোন দুর্নীতিবাজকে মেয়র হিসেবে দেখতে চায় না। সৎ, যোগ্য ও আল্লাহভীরু মেয়র প্রার্থীকে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী করতে হবে। হাত পাখার প্রার্থীকে বিজয় করে রংপুর সিটি কর্পোরেশনকে একটি মডেল সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বার বার ঘুরে ফিরে যদি দুর্নীতিবাজদেরকে বিজয়ী করি তাহলে রংপুর সিটির জনগণকে চরম খেসারত দিতে হবে।
এসময় সর্বস্তরের নেতাকর্মী নগরবাসীকে হাত পাখার পক্ষে ঐক্যবদ্ধ ভাবে ভোট দেয়া আহ্বান জানান তিনি।










