পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বিএনপিই এ দেশে একমাত্র চিহ্নিত রাজনৈতিক অপশক্তি, তারাই ক্ষমতালোভী দল। বিএনপিই মানুষের অধিকারহরণকারী এক ফ্যাসিবাদি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।
শুক্রবার (২৮ অক্টোবর) শরীয়তপুরের নড়িয়ায় প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকাকালে বিএনপি নিষ্ঠুরতা আর রাজনৈতিক নিপীড়নের যে নজির স্থাপন করেছে, সে রেকর্ড কেউ ভাঙতে পারবে না।
বিএনপির উদ্দেশ্যে এনামুল হক শামীম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বিএনপি আবারও বিঘ্ন সৃষ্টি করতে নতুন নতুন কৌশলে ষড়যন্ত্র শুরু করেছে। দেশের চলমান স্থিতিশীলতা বিনষ্টের যতই চেষ্টা করুক, কখনোই সফল হবে না। জনগণ জেগে ওঠার আগেই হঠকারী রাজনীতির জন্য বিএনপির কর্মীসমর্থকেরা সুযোগসন্ধানী ও মতলববাজ বিএনপির নেতাদের বিরুদ্ধে জেগে উঠেছে।
উপমন্ত্রী বলেন, রাজপথ কারো পৈত্রিক সম্পত্তি নয়, রাজপথ জনগণের সম্পদ, কাজেই অতীতের মতো আবারও যদি রাজপথ দখলের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। বিএনপির হাঁকডাক লোক দেখানো, কর্মীদের চাঙ্গা রাখার অকৌশল মাত্র, তাদের এসব ব্যর্থতা ঢাকার কৌশলী অপপ্রয়াস ছাড়া আর কিছু নয়।










