ফরিদপুরে চার্জার ফ্যান বিস্ফোরণে তামিমা আক্তার নামে ছয় মাসের একটি শিশু নিহত হয়েছে।
গত (৭ নভেম্বর) নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের বড় পাইককান্দী গ্রামে বেলা ১১টার দিকে ব্যবহৃত চার্জার ফ্যান থেকে বিস্ফোরিত হয়ে সৃষ্ট আগুনে পুড়ে দগ্ধ হয় শিশুটি।
ছয়দিন ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জিারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকার পর রোববার (১৩ নভেম্বর) ভোররাতে মারা যায় শিশুটি।
শিশুটির বাবা ইসমাইল হোসেন বলেন, গত ৭ নভেম্বর বেলা ১১টার দিকে তামিমার মা ওকে ঘুম পাড়িয়ে মাথার কাছে চার্জার ফ্যান চালিয়ে পাশের বাড়িতে গিয়েছিলেন। এ সময় ওই চার্জার ফ্যানটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের আগুনে শিশুটিকে শুইয়ে রাখা বিছানায় আগুন ধরে যায়। শিশুটিকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জিারি ইনস্টিটিউটে হস্তান্তর করেন।











