জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটার থেকে আরও ৪ হাজার ৪০০ জন কর্মীকে বিনা নোটিশে ছাঁটাই করেছেন ইলন মাস্ক।
সোমবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারের নতুন মালিক ইলন মাস্ক গত সপ্তাহান্তে চার হাজারেরও বেশি চুক্তিভিত্তিক কর্মচারীকে পূর্ব ঘোষণা ছাড়াই বরখাস্ত করেছেন। প্ল্যাটফর্মারের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪ হাজার ৪০০ চুক্তিভিত্তিক কর্মচারী তাদের অফিসিয়াল মেইল, অনলাইন পরিষেবা এবং কোম্পানির অভ্যন্তরীণ যোগাযোগের অ্যাক্সেস হারিয়েছেন।
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, মোট সাড়ে পাঁচ হাজার চুক্তিভিত্তিক কর্মচারীর মধ্যে ছাঁটাই করা হয়েছে প্রায় সাড়ে চার হাজার কর্মীকে। কর্মচারীদের বরখাস্ত করার আগে কোনও নোটিশও দেওয়া হয়নি বলেও দাবি করা হয়েছে।
সংবাদমাধ্যম বলছে, প্রথমে কর্মীদের সংস্থার ইমেইল ও আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার সুবিধাগুলো কেড়ে নেওয়া হয়। আর এরপরই তাদের বরখাস্ত করা হয়। দ্বিতীয় দফায় বরখাস্ত হওয়া কর্মীদের মধ্যে মূলত কন্টেন্ট মডারেশন, রিয়েল এস্টেট, বিপণন, প্রযুক্তি বিভাগের কর্মীরা রয়েছেন। আমেরিকার পাশাপাশি সারা বিশ্বের টুইটারের কর্মীরা দ্বিতীয় দফার ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন।











