চীনের দক্ষিণাঞ্চলে করোনা মোকাবেলায় নেয়া পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জানা গেছে, এলাকায় সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের মেয়াদ বাড়ানোয় লোকেরা প্রতিবাদে রাস্তায় নেমে আসে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার (১৪ নভেম্বর) রাত থেকে এ সংক্রান্ত ভিডিও পোস্ট করা হয়। এসব ভিডিওতে দেখা গেছে শিল্পাঞ্চল গুয়াংজুতে রাস্তায় শত শত লোক বিক্ষোভ করছে। এদের কাউকে কাউকে হাজমাত স্যুট পরা কর্মকর্তাদের সাথে ঝগড়া করতে দেখা গেছে। ভিডিওতে বিক্ষোভকারীরা ‘আর কোন পরীক্ষা নয়’ বলে শ্লোগান দেয়।
কর্মকর্তারা অক্টোবরের শেষে এ অঞ্চলে প্রথম লকডাউন ঘোষণা করে। সোমবার লকডাউনের সময় বুধবার রাত পর্যন্ত বাড়ানো হয়।
ওই এলাকায় করোনা সংক্রমণ দৈনিক এক হাজারের বেশি হওয়ায় নগর কর্মকর্তারা গত সপ্তাহে নয়টি জেলার বাসিন্দাদের জন্যে গণপরীক্ষা বাধ্যতামূলক করে।
সূত্র: বাসস











