নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় হাসান (৩৫) নামে একজন নিহত; ৯ পুলিশ সদস্য ও একজন সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।
বুধবার (১৬ নভেম্বর) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত মোহনগঞ্জ পৌরশহরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জের বরকাশিয়া গ্রামের একটি প্রভাবশালী গোষ্ঠী অটোরিকশা চালকদের কাছ থেকে প্রতিদিন ১০ টাকা করে চাঁদা নিয়ে আসছিল। এক অবস্থায় বুধবার সকালে একই উপজেলার বিরামপুর গ্রামের অটো চালকেরা চাঁদা দেবে না বললে দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে যায় এবং মোহনগঞ্জ পৌরশহর জুড়ে সংঘর্ষের প্রভাব ছড়িয়ে পড়ে। কয়েক দফা এ সংঘর্ষে তিন এসআইসহ ৯ পুলিশ সদস্য, ইত্তেফাকের সাংবাদিক সারোয়ার খোকনসহ উভয়পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক লোকজন আহত এবং এক যুবক নিহত হন।
রাত সাড়ে ৯টার দিকে মোহনগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেত্রকোনা থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে।











