spot_img
spot_img

জয়পুরহাটে বিজিবি সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

জয়পুরহাটে এক বিজিবি সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তবে কেন, কী কারণে, কীভাবে তার মৃত্যু হয়েছে- সে বিষয়ে বিজিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। নিহত বিজিবি সদস্যের নাম নেপাল দাস (৩৫)।

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে কড়া নিরাপত্তায় ময়নাতদন্ত শেষে তার লাশ জয়পুরহাট সদর উপজেলার পারুলিয়ার ২০ বিজিবি ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়।

নেপাল দাস জয়পুরহাটের ২০ বিজিবির সিপাহি পদে নিযুক্ত ছিলেন। তিনি ফরিদপুর জেলার মধুখালি মেঘচামী এলাকার নারায়ণ দাসের ছেলে।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টা ৩৭ মিনিটের সময় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে জয়পুরহাটের ২০ বিজিবি সদস্য পরিচয়ে নেপাল দাসের নাম হাসপাতাল রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হয়। সেখানে ১৯৫নং রেজিস্ট্রারে তার নাম নেপাল দাস, বিজিবি সদস্য, জয়পুরহাট হিসেবে লিপিবদ্ধ রয়েছে। ওই সময় তার পরনের পোশাক রক্তাক্ত ছিল। রাতেই লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। এর পর বিজিবি সদস্যরা ওই হাসপাতাল মর্গে তার লাশ রেখে কড়া পাহারায় নিযুক্ত ছিলেন।

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে ময়নাতদন্ত শেষে বিজিবি সদস্যরা অ্যাম্বুলেন্সে করে নেপাল দাসের লাশ ২০ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে যান। এ বিষয়ে এখন পর্যন্ত জয়পুরহাট ২০ বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য কিংবা প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ