চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. ইউসুফ (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে সীতাকুণ্ড পৌরসভার মীরেরহাট বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, মীরেরহাট বটতল এলাকায় ইউসুফ নামের এক যুবলীগ কর্মীকে একদল দুর্বৃত্ত কুপিয়েছে বলে খবর পাই। পরে হাসপাতালে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। তদন্ত অব্যাহত আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানিম জানান, সন্ধ্যা ৭টার দিকে ইউসুফ নামের একজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার মাথায়, ঘাড়ে ও পেটে অনেকগুলো ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।











