আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপির সন্ত্রাস আমরা ২০১৩ থেকে ১৫ সাল পর্যন্ত দেখেছি। আমরা তাদের হরতাল দেখেছি, ঘেরাও দেখেছি। হেফাজত আগুন দিয়েছে, ব্যাংকে আগুন লাগিয়েছে, শাপলা চত্বর দখল করেছিল। হেফাজতের তাণ্ডব দেখেছি আমরা। সেই তাণ্ডব, সন্ত্রাস আমরা রাত ৩টার সময় মোকাবিলা করেছি। শেখ হাসিনা কোনও হুমকি-ধমকি ভয় পায় না। শেখ হাসিনাকে ভয় দেখিয়ে ক্ষমতা থেকে সরানো যাবে না।
শনিবার (১০ ডিসেম্বর) সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।
রাজ্জাক বলেন, চন্দ্রা-টাঙ্গাইল সড়ক দিয়ে যখন বঙ্গবন্ধু সেতুর উদ্দেশে রওনা দেই, হৃদয় জুড়িয়ে যায়। মনে হয়, আমি ওয়াশিংটনে আছি, টোকিওতে আছি। মাওয়া থেকে ভাঙ্গা গেলে এটি কি বাংলাদেশ নাকি কোনও স্বর্গ বা বেহেশত বানাচ্ছি। বিদেশিরা এসেও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।
তিনি বলেন, এই জনগণ আমাদের শক্তি, পৃথিবীর কোনও শক্তি নেই এই বৈধ সরকারকে উচ্ছেদ করবে। শেখ হাসিনা আগামী এক বছর ক্ষমতায় থাকবে। আগামীতেও নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে।










