বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্রদূতের গাড়ি বহরে আক্রমণের চেষ্টা এটি গভীর উদ্বেগের বিষয়। আসলে সরকার কূটনীতিকদেরও ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করে যাচ্ছে।
তিনি বলেন, একজন কূটনীতিবিদ একটি বিশেষ অনুষ্ঠানে গেছেন এবং সেখানে সরকারি দলের মদদে ও সহযোগিতায় আরেকটি নাম দিয়ে সেখানে উপস্থিত হওয়াটাই তো আইনবিরোধী। কেউ চাইলে আলাদা অনুষ্ঠান করতে পারে। কিন্তু অন্য একটি প্রোগ্রামে গিয়ে সেই অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করা তো অগণতান্ত্রিক।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু এসব বলেন।
আমীর খসরু বলেন, আমরা আগেও দেখেছি আমেরিকার একজন রাষ্ট্রদূত (মার্শা বার্ণিকাট) যিনি নৈশভোজে গিয়ে তার গাড়িবহরে আক্রমণ ও ভাঙচুর করেছে। অতীতে বিএনপির একটি মানবাধিকার বিষয়ক প্রোগ্রাম বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। এই যে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বাধাগ্রস্ত করা হচ্ছে সরকারি মদদে। এটা তো আওয়ামী লীগের চরিত্রে পরিণত হয়েছে।
এ সময় বিএনপির শামা ওবায়েদ, শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।










