spot_img
spot_img

রংপুরে ৩ যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ৮

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ইজিবাইক, অ্যাম্বুলেন্স ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৮ জন।

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কুর্শা ইউনিয়নের নেংটিছিড়া ব্রিজ এলাকার রংপুর-দিনাজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৪ জন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতরা হলেন, সহির উদ্দিন, খাদেমুল ইসলাম, আজানুর রহমান এবং হাবিবুল্লাহ। হাসপাতালে নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।

জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারাগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সৈয়দপুরের দিকে যাচ্ছিল। এসময় মহাসড়কের নেংটিছিড়া ব্রিজের কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৪ জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মী আনিস হাসান জানান, ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ