spot_img
spot_img

সুদানে স্বর্ণখনিতে বিমান হামলা, ৭২ শ্রমিক নিহত

সুদান ও মিশরের মধ্যকার বিতর্কিত সীমান্তের কাছে একটি স্বর্ণখনিতে বিমান হামলায় অন্তত ৭২ জন শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছে সুদানের মানবাধিকার সংস্থা ইমার্জেন্সি লইয়ার্স। সংস্থাটি এই হামলার জন্য মিশরীয় বিমানবাহিনীকে দায়ী করেছে।

রোববার (১১ অক্টোবর) সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় খার্তুমভিত্তিক সংস্থাটি জানায়, মিশরীয় যুদ্ধবিমান সুদানের ভূখণ্ডের উত্তরাঞ্চলীয় ওয়াদি এলাকায় বেসামরিক খনিশ্রমিকদের লক্ষ্য করে হামলা চালায়। তাদের প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে ৭২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

তবে শনিবারের এই হামলার ঘটনা ও হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে মিশরও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ইমার্জেন্সি লইয়ার্স জানিয়েছে, হতাহতের সংখ্যা যাচাই ও নথিবদ্ধ করার কাজ চলছে।

স্বর্ণ উত্তোলনের জন্য পরিচিত পাহাড়ি সীমান্ত অঞ্চল জাবাল আল-উকাইদাতে এ বছর এটি দ্বিতীয় বড় হামলা। এর আগে জুনে একই এলাকায় বিমান হামলায় ২৩ জন শ্রমিক নিহত হয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানা যায়। ওই হামলার জন্যও মিশরের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সে সময় মিশরীয় সেনাবাহিনী সীমান্ত এলাকায় অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনার কথা জানিয়েছিল।

সুদান ও মিশরের মধ্যকার সীমান্ত এলাকাটি দীর্ঘদিন ধরে বিতর্কিত। উভয় দেশই খনিজ সম্পদে সমৃদ্ধ হালাইব ট্রায়াঙ্গেল অঞ্চলের মালিকানা দাবি করে আসছে।

সূত্র: আল জাজিরা, এএফপি, রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ