পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, শিক্ষা, জ্ঞান ও গবেষণার মাধ্যমে বাংলাদেশের ইতিবাচক প্রতিচ্ছবি সারাবিশ্বে তুলে ধরা সম্ভব। এজন্য গবেষণায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর যথাযথ দায়িত্ব পালন করা প্রয়োজন।
সোমবার (১৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ স্টাডি ট্রাস্ট (বিএসটি) এর ২য় সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ড. মোমেন বলেন, এখনও বাংলাদেশ সম্পর্কে গুগলে সার্চ করলে অনেক ক্ষেত্রে দারিদ্রতার ছবি পাওয়া যায়। অথচ বাংলাদেশের আর্থ-সামাজিক অনেক উন্নয়ন ঘটেছে সেগুলো অনেকে তুলে ধরেন না।
ড. মোমেন আরও বলেন, গবেষণার মাধ্যমে বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের প্রতিচ্ছবি তুলে ধরা সম্ভব। এছাড়া বাংলাদেশ প্রতিবেশী দেশসহ অনেকে দেশের তুলনায় অনেক ক্ষেত্রে প্রভূত উন্নতি করেছে- বাংলাদেশ স্টাডি ট্রাস্ট তাদের গবেষণা প্রতিবেদনের মাধ্যমে বিশ্বের কাছে এগুলো তুলে ধরবে।











