স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারাই রাজনীতি করবে তাদের রাজনীতির আদর্শ মেনে চলতে হবে। এর বাইরে যদি কিছু করেন তাহলে তাদের জবাব দিতে হবে।
বুধবার (২১ ডিসেম্বর) সকালে বাঘা ও তানোর উপজেলা আনসার ভিডিপি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত-শিবির বলে কথা নেই। যারাই দেশে অরাজকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেব এবং নিচ্ছি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো অবস্থানে আছে। যারা দায়িত্বে আছে তারা সুন্দরভাবে পালন করে যাচ্ছে।
তিনি বলেন, আনসার একটি বিটার বাহিনী। যখন যেখানে সরকারের প্রয়োজন তাদের ব্যবহার করা হয়। প্রতিটি বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে। আমরা নির্বাচনে যখন পুলিশ দিতে পারিনি তখন আনসার দিয়েছি। দেশে যখন অগ্নিসন্ত্রাস হয়েছিল তখন ২ লাখ আনসার বীরত্বের সঙ্গে কাজ করেছে। বিশেষ করে রেললাইন চালুর জন্য তারা সুনাম কুড়িয়েছেন।











