বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন হবে। শেখ হাসিনার অধীনে দেশের জনগণ আর কোনও নির্বাচনে অংশ নেবে না। কারণ এ ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করে দিয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ বলেন, সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য জনগণ প্রস্তুত। যেকোনও স্বৈরাচার সহজে ছেড়ে যায় না। তাদের বিদায় করতে হবে। আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার সরকারকে হটাতে হবে। বাংলাদেশের ইতিহাস আছে পাকিস্তানের আইয়ুব সরকারকে হটিয়েছে ছাত্রদের গণঅভ্যুত্থান। ৯০-এ স্বৈরাচার এরশাদকে হটিয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে। শ্রীলংকার রাষ্ট্রপতিকে হটিয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে।
ড. খন্দকার আরও বলেন, আসুন আমরা দেশের মানুষের মাঝে গণজাগরণ সৃষ্টি করে গণঅভ্যুত্থানের মাধ্যমে আজকে এই দেশকে মুক্ত করি। মুক্তিযুদ্ধের চেতনা আমরা পুনঃপ্রতিষ্ঠা করি। এ সরকার রাষ্ট্রের যে কাঠামো ভেঙে চুরমার করে দিয়েছে। আসুন সেই কাঠামোকে মেরামত করি। তাহলে এদেশে মানুষের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে।










