পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, শুধু সরকারি কর্মকর্তা, ভিআইপি, সিআইপিদের জন্যই নয় রেমিট্যান্স যোদ্ধাদের জন্যও সরকারিভাবে প্লট বরাদ্দ রাখা উচিৎ।
শুক্রবার (২৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ছায়া সংসদের আয়োজিত ডিবেটে ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোর যেভাবে প্রবাসী শ্রমিকদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসা উচিৎ বাস্তবে তা হচ্ছে না। রেমিট্যান্স যোদ্ধাদের ত্যাগের মূল্যায়নের মাধ্যমে তাদের উপযুক্ত সম্মান ও প্রাপ্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। সরকার কর্তৃক যে সমস্ত সুযোগ সুবিধা তাদের দেওয়া হয় অনেকে তা জানে না। আমলাতান্ত্রিক বেড়াজাল ডিঙ্গিয়ে সেগুলো তাদের জন্য আরো সহজ করতে হবে। বৈধপথে যেসব রেমিট্যান্স যোদ্ধা দেশে টাকা পাঠাবে এ বছর থেকেই তাদের ইউনিভার্সেল পেনশন স্কিমের আওতায় আনা হবে। বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের উপযুক্ত সম্মান দেওয়ার বিষয়েও ভাবছে সরকার।
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান আরও বলেন, ব্যাংকিং প্রক্রিয়া আরও আন্তরিক করে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসী শ্রমিকদের উৎসাহিত করতে হবে। ব্যাংকিং সিস্টেম ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসী শ্রমিকরা কম উৎসাহিত হয়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে হুন্ডি ব্যবসায়ীরা প্রবাসী শ্রমিকদের বুকে টেনে নেয়। তাদের সঙ্গে গড়ে তোলে বন্ধুত্বের বন্ধন। সরকার প্রণোদনা দিয়ে প্রবাসী শ্রমিকদের প্রেরিত অর্থের বিনিময় হার বাড়ালেও হুন্ডি ব্যবসায়ীরা বিভিন্ন কায়দা কৌশলে তা আরও বাড়িয়ে দেয়।











