বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশররফ হোসেন বলেছেন, দেশের রাজনীতি, অর্থনীতি ও বিচারব্যবস্থা থেকে শুরু করে সবকিছু ধ্বংস হয়ে গেছে। তাই এই সঙ্কট কাটাতে হলে সরকারের পতন ঘটাতে হবে।
রোববার (২৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশররফ হোসেন বলেন, যতো হামলা-মামলা হোক, জনগণকে দমিয়ে রাখা যাবে না। জনতার গণঅন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়ে সরকার পতন হবে।
তিনি বলেন, যারা গায়ের জোরে, ভোট ডাকাতি করে ১৪ বছর যাবত ক্ষমতায় আছে তাদের বাংলাদেশের ক্ষমতা থেকে বিদায় করতে হবে।
তিনি আরও বলেন, এই সরকারের পদত্যাগ, সংসদ বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ইত্যাদিসহ ১০ দফার একটাই উদ্দেশ্য তা হলো- এই সরকারের হাত থেকে দেশকে উদ্ধার করা।










