spot_img
spot_img

কর্মীদের সংঘাতে ঠেলে দিচ্ছে বিএনপি : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পঞ্চগড়ে শনিবার (২৪ ডিসেম্বর) বিএনপির গণমিছিলের কাছে আব্দুর রশিদ নামে যে ব্যক্তি মারা গেছেন তিনি পুলিশের আঘাতে নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিএনপি তাদের কর্মীদের সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, যা মোটেও সমীচীন নয়।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, পঞ্চগড়ে যে ব্যক্তি মারা গেছেন, তিনি বিএনপি করতেন এবং যেকোনো মৃত্যুই বেদনাদায়ক। সেজন্য আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি। তবে তার মৃত্যুটা পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে নয়। তিনি হৃদরোগী ছিলেন, তার বাইপাস সার্জারি হয়েছিল। তিনি বিএনপির মিছিলে এসেছিলেন বটে কিন্তু পুলিশের সঙ্গে ঘটনা শুরু হওয়ার আগেই তিনি একটি মসজিদের সামনে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, গতকাল ময়নাতদন্তের রিপোর্ট এসেছে, তার মৃত্যু হার্ট অ্যাটাকেই হয়েছে, তা বেরিয়ে এসেছে। তবে বিএনপি তাদের কর্মীদের সবসময় সংঘাতের দিতে ঠেলে দেয়, যা সমীচীন নয়। এই সাংঘর্ষিক রাজনীতি দেশের কোনো কল্যাণ বয়ে আনে না, তাদের দলের জন্যও এ পর্যন্ত কল্যাণ বয়ে আনেনি। সাংঘর্ষিক রাজনীতি বিএনপির পরিহার করা উচিত।

বিএনপি বারবার বলছে এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না— এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সরকার নির্বাচন আয়োজন করে না। নির্বাচন আয়োজন করে নির্বাচন কমিশন। যখন তফসিল ঘোষণা করা হয়, তখন সরকারের একজন টিএনও, ওসি বদলি করারও ক্ষমতা থাকে না। আমরা চাই দেশে অংশগ্রহণমূলক সুষ্ঠু, সুন্দর নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্র শক্তিশালী হোক। কিন্তু দুঃখজনক হলেও সত্য তারা গণতন্ত্র বিশ্বাস করে না। তাদের জন্মটাই তো অগণতান্ত্রিকভাবে। তারা জানে, জনগণের কাছ থেকে তারা অনেক দূরে সরে গেছে। সে জন্য নির্বাচন নিয়ে তাদের এত ভয়। তবে তাদের এই ভীতি দূর করার দায়িত্ব আওয়ামী লীগের বা সরকারের নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ