আগামী শুক্রবার গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি। তাদের এই কর্মসূচিকে গাধা ডিম পাড়ার মতো বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, গত ১০ ডিসেম্বর বিএনপির খেলা দেখেছি। তারা এমন হারা হেরেছে যে আর কি খেলা দেখাবে? ফেসবুকে দেখেছি গরুর হাটে সমাবেশের পর একটি ঘোড়া ৩টি ডিম পেড়েছে। আমি তো মনে করি ৩০ ডিসেম্বরও গাধা ডিম পাড়বে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশকে কারাগার বানিয়ে ফেলেছিল, এখন যারা এর জন্য আওয়ামী লীগকে দোষ দিচ্ছেন, তারা নিজের চেহারা আয়নায় দেখুক।
তিনি বলেন, গুম, খুন জিয়া বাংলাদেশে শুরু করেন। আজ মায়ের কান্নার সদস্যরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। যাদের পরিবারের সদস্যদের জিয়ার আমলে বিনা বিচারে হত্যা করা হয়েছে। যাদের ১৩/১৪/১৫ সালে খালেদা জিয়ার আহ্বানে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। তাদের স্বজনদের কান্না বাতাসে ভেসে বেড়াচ্ছে। তাই বিএনপির নেতাদের আয়নায় নিজেদের চেহারা দেখার জন্য অনুরোধ জানাবো।
বিএনপি নেতাদের জামিন সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের আদালত স্বাধীন। যাদের জামিন দেওয়া সম্ভব তাদের জামিন দিচ্ছেন। আমানুল্লাহসহ অনেকেই জামিন পেয়েছেন।










