সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কঠিন পরিস্থিতিতেও বাংলাদেশ অনেক উন্নত দেশের চেয়ে ভালো আছে। শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলেই আমরা ভালো আছি, বাংলাদেশ ভালো আছে। তাইতো তাদের মনে জ্বালা, অন্তর্জ্বালা।
বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর উত্তরায় মেট্রোরেল উদ্বোধনের পর সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি পায়নি, অন্য কিছু পায় না, তাই এখন বলে- ভাড়া বেশি। আসলেই কি ভাড়া বেশি? এই মেট্রোরেল নতুন প্রযুক্তি নিয়ে এসেছে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করবে- তখন নেত্রী বললেন, এটায় আওয়াজ হবে না। তখন তারা নীরব ছিল। তারা বলেছে, জোড়াতালি দিয়ে পদ্মাসেতু। এখন সমাবেশ করার জন্য এই সেতুর উপর দিয়ে যাচ্ছেন কিভাবে? শেখ হাসিনা পদ্মাসেতু করে ফেলল, বঙ্গবন্ধু টানেল ও মেট্রোরেল করে ফেলল- সেজন্য মনে অনেকেরই আজ বড়ই জ্বালা, তাদের এখন অন্তর্জ্বালা।
ওবায়দুল কাদের বলেন, শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কাতার বিশ্বকাপ চলাকালে কোথাও লোডশেডিং হয়েছে? হয়নি। মেট্রোরেল করে শেখ হাসিনা সরকার আবারো প্রমাণ করেছে, ইয়েস- উই ক্যান।
সড়ক পরিবহন মন্ত্রী জানান, মেট্রোরেলে নারীদের জন্য স্পেশাল বগি থাকছে। মুক্তিযোদ্ধাদের জন্য থাকবে ফ্রি সার্ভিস।
সূত্র : বাসস










