উদ্বোধনের পর এবার সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হল কাঙ্ক্ষিত মেট্রোরেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বেলা ১১টা ৪ মিনিটে মেট্রোরেলের উদ্বোধন করেন। উদ্বোধনের পর আজ বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে মেট্রোরেলে যাতায়াত করছেন সাধারণ যাত্রীরা।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী ও আগারগাঁও স্টেশন থেকে সাধারণ যাত্রী নিয়ে চলেছে মেট্রোরেল।
দিয়াবাড়ী থেকে সকাল ৮টায় যাত্রী নিয়ে প্রথম ট্রেন আগারগাঁওয়ের উদ্দেশে ছেড়ে যায়। আর আগারগাঁও থেকে দিয়াবাড়ীর উদ্দেশে প্রথম ট্রেনটি ছাড়ে সকাল ৮টা ১৮ মিনিটে। আগারগাঁও পৌঁছতে সময় লাগে মাত্র ১৩ মিনিট।











