ইউক্রেনের গোয়েন্দা প্রধান কায়রাইলো বুদানোভ জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ এখন প্রায় থমকে।
তিনি বলেন, ইউক্রেন এখন পশ্চিমাদের অত্যাধুনিক অস্ত্রের অপেক্ষায় আছে। অস্ত্র এলে রুশ সেনাদের বিরুদ্ধে আবারও তাদের প্রতিরোধ শুরু হবে।
বুধবার(২৮ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান তিনি।
যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রধান বলেন, নভেম্বরে ইউক্রেনীয় সেনারা খেরসন শহর পুনর্দখল করার পর এখন মূল লড়াইটা হচ্ছে পূর্বদিকের অঞ্চল দোনেৎস্কের বাখমুতে। ইউক্রেনের অন্যান্য অঞ্চলে অবস্থানরত রুশ সেনারা রক্ষণাত্মক অবস্থানে রয়েছে। অন্যদিকে শীতের কারণে ইউক্রেনীয় সেনাদের অভিযানের মাত্রা কমে এসেছে।
তিনি বলেন, রাশিয়া ধ্বংসের দ্বারপ্রান্তে আছে। তারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। আর ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে রাশিয়া আবারও সেনা সমাবেশ করার ঘোষণা দিতে পারে।
বুদানোভ জানিয়েছেন, বর্তমানে ইউক্রেনের শক্তিও কমে এসেছে। ফলে রাশিয়াকে সবদিক দিয়ে তারা হয়ত প্রতিরোধ করতে পারবেন না। তবে রাশিয়াও ইউক্রেনকে পরাজিত করতে পারবে না।
গোয়েন্দা প্রধান বলেন, সবদিক দিয়ে আমরা রুশ সেনাদের পরাজিত করতে পারব না। তারাও পারবে না। আমরা এখন নতুন অস্ত্র এবং অত্যাধুনিক অস্ত্রের চালানের অপেক্ষায় আছি।
তিনি জানান, হয়ত লড়াই এখন থমকে আছে। কিন্তু একটা সময় নিজেদের মাটি থেকে রুশ সেনাদের অবশ্যই হটিয়ে দেবেন তারা।
সূত্র: বিবিসি











