অভিনেত্রী মাহিয়া মাহি বলেছেন, কমপক্ষে ৫০ হাজার ভোটের ব্যবধানে আমি জিতব। এই আসন নৌকাকে এনে দেব।
তিনি বলেন, আমি বলে বোঝাতে পারব না আমার কত খুশি লাগছে, আমি যে কত গর্বিত। বাংলাদেশের ইতিহাস যত দিনের, আমি যে দলের নোমিনেশন ফরম কিনেছি, সেই দলের বয়স ততদিনের। আমি সেই দলের নমিনেশন কিনেছি, এর চাইতে খুশির বিষয় হতে পারে না।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মনোনয়ন পাওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী- এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে একজন নারী, নারী নেতৃত্বকে অগ্রধিকার দিচ্ছেন। মেট্রোরেলের প্রথম চালক ছিলেন নারী। শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য শুনলে বুঝতে পারবেন, তিনি নারী নেতৃত্বকে কতটুকু অগ্রাধিকার দিচ্ছেন। সেক্ষেত্রে আমি একজন নারী। সামনের যে ভিশন, স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, এই উন্নয়ন থেকে আমি আমার চাঁপাইনবাবগঞ্জকে পিছিয়ে রাখতে চাই না।
মনোনয়ন না পেলে কি নির্বাচন করবেন? এমন প্রশ্নে মাহি বলেন, মনোনয়ন না পেলে, আমার দলের যে মনোনয়ন পাবে, আমি তার হয়ে মাঠে কাজ করব।
তিনি আরও বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ফলো করি। তিনি যে পরিমাণ সাহসী, তার ছিটেফোঁটা যদি আমি ভেতরে লালন করি তাহলে কোনো অশুভ শক্তি, যতই শক্ত অবস্থানে থাকুক না কেন, আমি সেখান থেকে ওভারকাম করতে পারব।










