যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, যুবলীগ যতদিন মাঠে আছে ততদিন এদেশের জনগণের জানমালের ওপর কেউ হাত দিতে পারবে না। আপনাদের (বিএনপি) সেই হাত ভেঙে দেবো। আপনাদের সীমার মধ্যে থেকে রাজনীতি করবেন বলে আশা রাখি।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পরশ বলেন, আজকে জননেত্রী শেখ হাসিনা আমাদের স্বপ্ন দেখায়। বাঙালি জাতিকে স্বপ্ন দেখায়, রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক নেতা হিসেবে তিনি স্বার্থক। তিনি মানুষকে স্বপ্ন দেখাতে জানেন, স্বপ্ন বাস্তবায়নও করতে পারেন। তাই তিনি আমাদের ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়নের পর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ মানে কি? স্মার্ট বাংলাদেশ মানে বাংলাদেশের প্রশাসনিক কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা, স্বচ্ছতা, জনগণের অংশগ্রহণ, একটা দুর্নীতিমুক্ত ন্যায়পরায়ণ সমাজ ব্যবস্থা সৃষ্টি করা।
তিনি বলেন, আপনারা শুধু ক্ষমতায় আসার জন্য, লোভ-লালসার জন্য রাজনীতি না করে দেশের কথা ভাবলে ভালো হয়। জনগণের কথা ভাবলে একটু ভালো হয়। জনগণের রাজনীতি আপনারা করেন নাই, সারাক্ষণ মিথ্যা আর অপপ্রচারের রাজনীতি নিয়ে পড়ে আছেন। আপনাদের এই ন্যাক্কারজনক রাজনীতি বাংলাদেশের মানুষ প্রত্যাখান করেছে।










