শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সকল প্রতিবন্ধকতা পেরিয়ে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। মানুষের অনুপ্রেরণার সবচেয়ে বড় জায়গা হচ্ছে তার ঘর। সেখানে শান্তি, অনুপ্রেরণা থাকলে মানুষ বাইরে তার কাজের জায়গায় সাফল্য লাভ করে। আর সে শক্তি-সাহস-অনুপ্রেরণা পুলিশ সদস্য স্বামীদের তাদের স্ত্রীরা জোগান।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‘পুলিশ সপ্তাহ-২০২৩’ উপলক্ষে পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের সহধর্মিণীরা শুধু তাদের স্বামীদের সহযোগিতা ও সাহস দেন না, সংগঠনটির (পুনাকের) মাধ্যমে তারা নানাবিধ কাজ করেন। সমাজের নানা ধরনের কাজে অংশ নেয়। বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। পুলিশ সদস্যরা দেশের নিরাপত্তার পাশাপাশি দেশের উন্নয়নে সহযোগিতা করছে। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রেরণা হিসেবে কাজ করেন তাদের সহধর্মিণীরা।
তিনি আরও বলেন, কোনো একটি সমাজ, রাষ্ট্রকে এগিয়ে যেতে হলে সেখানে নারী পুরুষের সমান অংশীদার লাগে। সমান অংশগ্রহণ লাগে। অর্ধেক মানুষকে পেছনে ফেলে একটা সমাজ কখনো তার যে সম্ভাবনা আছে সেটাকে বাস্তবায়ন করতে পারে না।










