পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুবই ভালো সম্পর্ক রয়েছে। র্যাব বা নির্দিষ্ট একটা ইস্যু নিয়ে একটা দেশের সঙ্গে সম্পর্কের মূল্যায়ন হয় না। যুক্তরাষ্ট্র আমাদের রপ্তানি পণ্যের অন্যতম ক্রেতা ও বড় বিনিয়োগকারী দেশ। আমাদের সঙ্গে তাদের অনেক ধরনের বিষয় জড়িত।
শুক্রবার (৬ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত শিখা চিরন্তন প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমেরিকার সঙ্গে আমাদের নীতিগত মিল রয়েছে। আমেরিকা গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে চায়, আর আমাদের দেশে গণতন্ত্র বিরাজমান। তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায় আর আমাদের দেশের ৩০ লাখ মানুষ জীবন দিয়েছে শুধু মানবাধিকার অর্জনের জন্য।
চলতি মাসের মাঝামাঝিতে দুই দিনের সফরে ঢাকায় আসছেন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।
লুর সফরে র্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তার সফরকে স্বাগত জানাই। উনি এলে নানা বিষয় নিয়ে আলাপ হবে। আশা করি তার সফরের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে সম্পর্কের আরও উন্নতি হবে।











