ভোটার তালিকা হালনাগাদ শেষে দেশে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন।
রোববার (১৫ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব মুহাম্মাদ জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
জাহাঙ্গীর আলম বলেন, হালনাগাদের পূর্বে দেশে ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। হালনাগাদ কার্যক্রমে আরও ৭৯ লাখ ৮৩ হাজার ২৭৭ জন এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
ইসি সচিব বলেন, হালনাগাদ কার্যক্রমে ২২ লাখ ৯ হাজার ১২৯ জন মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে দেশে বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন। এদের মধ্যে ৬ কোটি ৩ লাখ ৮৩ হাজার ১১২ জন পুরুষ, ৫ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ২০৯ জন নারী এবং ৮৩৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।











