পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী সবসময় সাধারণ মানুষের কথা চিন্তা করে কাজ করেন। ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষ হাতের কাছেই স্বাস্থ্যসেবা পাচ্ছে। কমিউনিটি ক্লিনিকে ৩০ প্রকার ওষুধ পাওয়া যাচ্ছে। দেশে ১৭ হাজার কমিউনিটি ক্লিনিক আছে এবং আরো বাড়ছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় গ্রামের বাড়িতে গাড়ি নিয়ে যেতে পারছি। ৯৯ শতাংশ বাড়িতে বিদ্যুৎ গিয়েছে। চরাঞ্চলের কারণে এটি শতভাগ হয়নি।
রবিবার (১৫ জানুয়ারি) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউপি প্রাঙ্গণে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আপনারা জানেন, সারের জন্য কৃষককে গুলি খেতে হয়েছে। এখন সরকার বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক দিচ্ছেন। এই সরকারের সময় এক ছটাক সারের অভাব কোথাও হয়নি। নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মাঝে গবাদি পশু, সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ দেয়া হচ্ছে। মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতা সরকার দিচ্ছে। বীর মুক্তিযোদ্ধরা আগে ৫ হাজার টাকা ভাতা পেতো। এখন ২০ হাজার টাকা করে ভাতা পান।
এদিন পরিকল্পনা প্রতিমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার প্রায় পাঁচ সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।











