প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আমেরিকার সেনশনের কারণে বৈশ্বিক বাজারে খাদ্যদ্রব্য এবং তেলসহ সবকিছুর দাম বেড়েছে। এটাই হলো বাস্তবতা।
শনিবার (২১ জানুয়ারি) সিলেটে ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশ সরকারের কোনো দোষ নেই। বরং সরকার জনগণের পাশে আছে। যেমন- দেশের কোনো মানুষকে করোনা প্রতিরোধক ভ্যাকসিন কিনে দিতে হয়নি। এটা সরকার সম্পূর্ণ ফ্রি দেওয়ার ব্যবস্থা করেছে। এই টিকা বিদেশ থেকে কিনে আনতে গিয়ে সরকারকে নিশ্চয় অন্য কোনো খাতের টাকা খরচ করতে হয়েছে।
তিনি আরও বলেন, স্টক এক্সেঞ্জের ব্রোকারদের বিভিন্নভাবে উদ্বুদ্ধ করা দরকার। যেভাবে আজকে এই কনফারেন্সের মাধ্যমে করা হয়েছে। আবার যারা বিনিয়োগ করছেন তারাও কিন্তু একটু বুঝে-শুনে, যাচাই-বাছাই করে ব্রোকারদের দ্বারস্থ হবেন। কারণ- সব ব্রোকার বা ব্রোকার হাউস কিন্তু এক নয়।











