স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, একাত্তরের খুনিদের দোসর বিএনপি-জামায়াত এখনো টিকে আছে। তারা বাংলাদেশকে পাকিস্তানের মতো বানানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পঁচাত্তরের ঘাতকদের মতো ২০২৩ সালে এসেও তারা একই ভাষায় কথা বলে। দেশি-বিদেশিদের কাছে নালিশ করে। এতে শুধু লজ্জা নয়, আমাদের দুঃখ ও করুণা হয়।
শনিবার (২১ জানুয়ারি) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তাজুল ইসলাম বলেন, পাকিস্তানের রিজার্ভ ৪ মিলিয়ন ডলার আর বাংলাদেশের রিজার্ভ ৩৬ মিলিয়ন ডলার। বিএনপির মনের ভেতরে পাকিস্তান ওপরে বাংলাদেশ। বাংলাদেশের অবস্থান পাকিস্তানের ওপরে এটি তাদের ভালো লাগে না। জয় বাংলা স্লোগান বিএনপির ভালো লাগে না।
তিনি বলেন, আজকের বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশ হওয়ার স্বপ্ন দেখছে। ২০৩০ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব। ২০৪১ সালে আমাদের মাথাপিছু আয় হবে সাড়ে ৬ হাজার ডলার। এটি বাস্তবায়নে আমাদের সকল শ্রেণিপেশার লোক কাজ করছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর প্রথমে কৃষকের কথা ভাবলেন। সেসময় তিনি সার, কীটনাশক ও কৃষি যন্ত্রপাতির দাম কমিয়েছিলেন। ৯৬ সালে মাত্র সাড়ে তিন বছরে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছিল শুধুমাত্র শেখ হাসিনার জন্য।










