spot_img

জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃত্যু বেড়ে ৪ হাজার ৯৩০

ভেনেজুয়েলায় গত জুনে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৯৩০ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশটির আইনপ্রণেতা হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন।

তবে জাতিসংঘ আশঙ্কা করছে, এখনো প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির পাশাপাশি ভয়াবহ মানবিক সংকটও তৈরি হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ১৭ হাজার মানুষ আহত হয়েছেন। এ ছাড়া বর্তমানে ২১ হাজার ১২০ জন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

ভূমিকম্পের পর থেকেই ভেনেজুয়েলার বিভিন্ন উদ্ধারকারী দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারের ত্রাণ ও উদ্ধার কার্যক্রম ধীরগতিতে চলছে।

ভূমিকম্পে বাস্তুচ্যুত সিনথিয়া পুলিদো আল জাজিরাকে বলেন, ভূমিকম্পের পরপরই সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবকেরা প্রথম এগিয়ে এসেছিলেন। সরকারের কার্যকর উপস্থিতি আমরা অনেক পরে দেখতে পেয়েছি। আমরা এখনো সহায়তার অপেক্ষায় আছি।

দুর্যোগের পরপরই বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক উদ্ধারকারী দল ভেনেজুয়েলায় পৌঁছায়। পরে তারা উদ্ধার অভিযান শেষ করে নিজ নিজ দেশে ফিরে গেছে।

বর্তমানে জরুরি উদ্ধারকাজের পরিবর্তে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ