আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপিকে ক্ষমতায় যেতে হলে জনগণের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি নাকে খত দিতে হবে। কিন্তু তারা (বিএনপি নেতারা) তা পারবে না। আর এ জন্যই তারা বাংলাদেশকে ধ্বংস করতে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। ক্ষমতায় আসতে বিদেশি প্রভুদের কাছে গিয়ে লাভ হবে না। ক্ষমতায় আসতে হলে আগে জনগণের কাছে মাফ চান। নাকে খত দিয়ে আসেন।
শনিবার (২১ জানুয়ারি) রাজশাহীর শহীদ এএইচএম কামরুজ্জামান মিলনায়তনে আয়োজিত যুবলীগের বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নের যোগ্যতা একমাত্র শেখ হাসিনার আছে। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার কারণে তার প্রতি এ দেশের জনগণের আকর্ষণ অনেক বেড়ে গেছে। সেটাই আগামী ২৯ জানুয়ারির জনসভায় প্রমাণিত হবে, বলেন শেখ পরশ।
তিনি আরও বলেন, আজকের পর যুবলীগের নেতাকর্মীরা নিজ নিজ ইউনিটে গিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নেবেন। সমাবেশ আমাদেরকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। সমাবেশে শক্তি প্রদর্শন ও জন সম্পৃক্ততার মাধ্যমে আমরা বিরোধী শক্তিকে জানাতে চাই, শেখ হাসিনা সারা পৃথিবীতে বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ও আদর্শিক নেত্রী। আপনাদের সর্বোচ্চ জনবল নিয়ে সমাবেশে শরিক হবেন। আজ থেকেই সেই প্রস্তুতি নিতে হবে।










