পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, দেশের অর্থনীতি দিন দিন চাঙ্গা হচ্ছে এবং মূল্যস্ফীতি ক্রমান্বয়ে কমে আসছে। আমাদের অর্থনীতি নিয়ন্ত্রণে রয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলানগর এনইসি সভাকক্ষে ডেভলপমেন্ট জার্নালিস্ট ফোরাম আব বাংলাদেশ (ডিজেএফবি) আয়োজিত উন্নয়ন সংলাপে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, উৎপাদন উপকরণ ও জ্বালানি তেলের দাম বাড়ার কারণে মূল্যস্ফীতি সাড়ে ৯ শতাংশে পৌঁছে গিয়েছিল। তবে গত কয়েক মাসে ধীরে ধীরে কমে আসছে। মূল্যস্ফীতি হ্রাসের সঙ্গে সঙ্গে মজুরির হার বৃদ্ধি পাচ্ছে। তিনি জানান, চলতি বছরের জানুয়ারি মাসে মজুরির হার বেড়ে ৭ দশমিক ০৬ শতাংশ হয়েছে, গত বছরের জানুয়ারি মাসে ছিল ৫ দশমিক ৯৩ শতাংশ।
তিনি বলেন, গত এক মাসে রেমিটেন্সের ভালো লক্ষণ দেখতে পাচ্ছি। জুলাই-ডিসেম্বর সময়ে রেমিটেন্স এসেছে ১০ দশমিক ৪৯ বিলিয়ন মার্কিন ডলার, আর জানুয়ারি মাসের হিসাব যোগ দিলে দাঁড়াবে ১২ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। রিজার্ভ গঠনে প্রবাসী আয় ও রপ্তানি ভূমিকা রাখে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আইএমএফ ঋণ না দিলেও আমাদের কিছু কিছু জায়গায় দাম বাড়ানোর প্রয়োজন হতো। দেশের মোট জিডিপির তুলনায় যে ঋণ সংস্থাটি দিয়েছে, তার পরিমাণ খুবই কম। আইএমএফের শর্তের কারণে দ্রব্যমূল্য বাড়েনি। আইএমএফ ঋণ না দিলেও আমাদের ভর্তুকি কমাতে হতো। সুতরাং আইএমএফ এর ঋণের সঙ্গে জিনিসপত্রের দাম বৃদ্ধির কোন সম্পর্ক নেই।











