spot_img

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে বৈবাহিক অবস্থা লিখতে বাধ্য করা যাবে না : হাইকোর্ট

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে কোনও শিক্ষার্থীকে তার বৈবাহিক অবস্থা প্রকাশে বাধ্য করা যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। শিক্ষার্থীদের বৈবাহিক অবস্থার তথ্যের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ২০১৭ সালের ডিসেম্বরে একটি রুলের শুনানি শেষে এই রায় দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়।

মামলার শুনানির সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

তিনি বলেন, হাইকোর্টের এই রায়ের পরে কোনও শিক্ষার্থীকে সারাদেশের কোনও প্রতিষ্ঠানে ভর্তির জন্য তার বৈবাহিক অবস্থা প্রকাশ করতে বাধ্য করা যাবে না।

তিনি আরও বলেন, তথ্য-প্রমাণ ও পর্যবেক্ষণের ভিত্তিতে হাইকোর্টের দেওয়া এ রায়ের পূর্ণাঙ্গ প্রকাশ করা হলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহরিয়া ফেরদৌসের দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০১৭ সালের ১১ ডিসেম্বর ভর্তিপ্রার্থীদের বৈবাহিক অবস্থার তথ্যের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেন।

ভর্তিচ্ছুদের বৈবাহিক অবস্থা জানতে খোঁজখবর নেওয়ার এ ধরনের উদ্যোগকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছে আদালত।

রুলের ওপর শুনানিকালে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী অনিক আর হক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ