spot_img

এইবার তামাশার নির্বাচন হতে দেওয়া হবে না : মির্জা ফখরুল

কাটাছেঁড়া-সাজানো সংবিধানে আওয়ামী লীগের তামাশার নির্বাচন বিএনপি হতে দেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সরকারের মন্ত্রীরা বলেন-বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন হবে। কোন সংবিধান? যে সংবিধান কাটাছেঁড়া করে একটি পাতানো নির্বাচনের জন্য সাজিয়ে নিয়েছে আওয়ামী লীগ? যে নির্বাচনে ভোট দিতে যায় না মানুষ। আগের নির্বাচনে ভোটকেন্দ্রে কুকুর শুয়েছিল। এ ছবি মিডিয়ায় প্রচার হয়েছে। এ দেখে আমাদের এক নেতা বলেছিলেন ‘কুত্তামার্কা নির্বাচন’। আবারও পাতানো-সাজানো নির্বাচনের আয়োজন চলছে।

শনিবার (৪ মার্চ) রাজধানীর উত্তরায় বিএনপির এক পদযাত্রার আয়োজিত সমাবেশে সরকারের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না দাবি করে বিএনপি মহাসচিব বলেন, এইবার তামাশার নির্বাচন, আওয়ামী লীগের নির্বাচন হতে দেওয়া হবে না। এজন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন হচ্ছে।

চলমান আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘১৫ বছর ধরে আন্দোলনে আছি। আমরা আন্দোলনে থাকব। তাতে বাধা দিলে তা অতিক্রম করে যাব।’

এ সময় আগামী ১১ মার্চ দেশের সব মহানগর ও জেলায় যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি মানববন্ধন ঘোষণা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সরকারের পদত্যাগসহ ১০ দফার দাবির সঙ্গে গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচি পালিত হবে।

ঢাকা মহানগর উত্তরা-পর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ আলমের সভাপতিত্বে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন ও ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ