আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স। যারা অপরাধী তাদের শাস্তি দিচ্ছেন। আবরার হত্যায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের শাস্তি হয়েছে। শেখ হাসিনা কাউকে ছাড় দেন না।
শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য মোছলেম উদ্দীন আহমেদের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এখন বিএনপির আন্দোলনের গতি কমেছে, গলার জোর বেড়েছে। আন্দোলনের গতি কমিয়ে বিএনপি নীরব পদযাত্রা করেছিল। নীরব পদযাত্রা থেকে নিরীহ মানববন্ধন করছে তারা। বিএনপি মূলত নির্বাচনকে ভয় পায়। তাই তারা নির্বাচনে আসতে চায় না।
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি বলে আমরা লুট করছি, দুর্নীতি করছি। আরে হাওয়া ভবনে বসে লুটপাট কি আমরা করেছি, নাকি তারেক জিয়া করেছে। বিদেশে টাকা পাচার করেছে কারা? এই বিএনপি বর্গীর চেয়ে ভয়ঙ্কর। ওরা ক্ষমতায় গেলে পুরোদেশটাকে গিলে খাবে।











