আওয়ামী লীগকে ১০০ বছরেও ক্ষমতা থেকে নামাতে পারবেন না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, বিএনপি বলে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ১০ শতাংশ ভোটও পাবে না। আপনারা মনে হয় আয়নায় চেহারা দেখেন না, নিজেদের চেহারা আয়নায় দেখে মাঠে আসবেন।
শনিবার (৪ মার্চ) রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে আওয়ামী লীগের ঢাকা-১০ সাংগঠনিক টিম আয়োজিত শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র তাপস বলেন, ২১ আগস্ট ২০০৪ সালে শান্তি সমাবেশে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আজকে তারা বড় বড় কথা বলে। তারা আইভী রহমানসহ ২২ জনকে হত্যা করেছিল। বিএনপি-জামায়াতের সেই দুঃশাসনে অনেকে পঙ্গুত্ব বরণ করেছে।
তিনি আরও বলেন, ২০০৬ সালে কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর জন্য বয়স বৃদ্ধি করে ৬৭ বছর বানিয়েছিল তারা। তারপর সে আন্দোলনের মুখে রাজি না হওয়ায়, রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা বানানো হয়।
বাংলাদেশ গণতন্ত্র সূচক দুই ধাপ এগিয়েছে উল্লেখ করে তাপস বলেন, উন্নয়নের কথা শুনলে ওনাদের অন্তরজ্বালা শুরু হয়ে যায়। ওনারা এক মেগাওয়াট বিদ্যুৎ দিতে পারে নাই, শেখ হাসিনা ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। শেখ হাসিনা মধ্যম আয়ের দেশের গণ্ডি পেরিয়ে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবেন।
আওয়ামী লীগের ঢাকা-১০ সাংগঠনিক টিমের আহ্বায়ক নুরুল আমিন রুহুলের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আযম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।










