মসজিদের মিম্বার থেকে সমাজ সংশোধনের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার ও অভিযোগ শুনানি বিষয়ক মন্ত্রী শায়খ মাওলানা খালিদ হানাফি।
আলেমদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মিম্বর ও মিহরাবের মাধ্যমে সমাজ সংশোধন এবং মুনকার বা শরিয়তবিরোধী কাজ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানী কাবুলে আলেম, কর্মকর্তা ও গোত্রীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
শায়খ খালিদ হানাফি বলেন, “শরিয়তের সব বিধান ও আইন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। এখন সময় এসেছে, আলেম, গোত্রীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা এই যৌথ দায়িত্ব পালনে নিজেদের পারস্পরিক সমন্বয় আরও শক্তিশালী করবেন এবং শত্রুকে তাঁদের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করার সুযোগ দেবেন না।”
তিনি বলেন, “গত পাঁচ দশকে আফগানিস্তান কঠিন বিপ্লব ও বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এসব ঘটনা এই জাতির জন্য বহু সমস্যা ও দুর্ভোগ বয়ে এনেছে। এখন তোমরা, তরুণ ও প্রবীণরা, চেষ্টা করো যেন এই জনগণের ক্ষতগুলোতে প্রলেপ দিতে পারো।”
তিনি আরও বলেন, “ইসলামই একমাত্র ধর্ম, যা নৈতিকতাকে মৌলিক অগ্রাধিকারের অন্তর্ভুক্ত করেছে। সমাজে যখন নৈতিকতা মেনে চলা হয়, তখন মানুষের জন্য স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের পরিবেশ তৈরি হয় এবং মুনকার বা শরিয়তবিরোধী কাজ স্বাভাবিকভাবেই দূর হয়ে যায়।”
খালিদ হানাফি বলেন, ইসলামি বিধিবিধান বাস্তবায়ন করা সব মুসলমানের যৌথ দায়িত্ব।
সূত্র: আরটিএ










