বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পবিত্র রজনীতে আল্লাহর কাছে প্রার্থনা যেন এই জালিম সরকারের জুলুম থেকে আমাদের মুক্তি দেন। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে বিষয়টি অর্জন করেছিলাম, নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করব। আল্লাহ যেন আমাদের সেই অর্জনকে ফিরিয়ে দেন। যেটা এই সরকার লুট করে ফেলেছে।
মঙ্গলবার (৭ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। পবিত্র শবে বরাত উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি।
তিনি বলেন, মানুষ এই অবৈধ সরকারের পরিবর্তন চায়। জনগণ বিশ্বাস করে যদি তাদের ভোটে সরকার নির্বাচিত হতো, তাহলে জনগণের কষ্ট হয় এরকম কোনো সিদ্ধান্ত সরকার নিতে পারত না। সরকার দুই মাসের মধ্যে তিনবার বিদ্যুতের দাম বাড়িয়েছে।
তিনি আরও বলেন, এত বেশি জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, এত বেশি চুরি চামারি করেছে, রাষ্ট্রের সর্বক্ষেত্রে প্রকাশ্যে লুটপাট করা হচ্ছে এবং অর্থ পাচার করা হচ্ছে। আজকে দেশের মানুষ একটি অত্যাচারী, অনির্বাচিত ও অহংকারী সরকারের অধীনে। তাদের অপশাসনের কারণে আজ সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষ, কর্মজীবী ও ছোট ব্যবসায়ীরা জীবন নির্বাহ করতে পারছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারের গণবিরোধী সিদ্ধান্তের কারণে মানুষ আজ দুঃসহ হয়ে পড়েছে। এই অবস্থা থেকে মানুষ মুক্তি চায়।










