রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে সাত তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে ১৭ জনের মৃত্যু ও শতাধিক আহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে সিদ্দিকবাজারের নর্থ-সাউথ রোডের একটি ভবনে ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
এদিকে সাত তলা যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, তার নিচের দুটি তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্যানিটারি সামগ্রী আর গৃহস্থালী সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে দেয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে বেরিয়ে এসেছে। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরণের ধাক্কায়।











