রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ২২ জনের মৃত্যু ও শত শত মানুষ আহত হয়েছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ বুধবার (৮ মার্চ) দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বলেন, ৭ মার্চ (মঙ্গলবার) বিকালে রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজার একটি ভবনে এক মারাত্মক বিস্ফোরণের ঘটনায় ২২ জন নিহত ও শত শত মানুষ গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি ছিল যে মুহূর্তেই পুরো এলাকা স্তব্ধ হয়ে যায় এবং মানুষ ভয়ে ছুটোছুটি করতে থাকে।
নেতৃদ্বয় মর্মান্তিক এই বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান রাব্বুল আলামীন যেন নিহতদের শাহাদাতের মর্যাদা দান করেন। সেইসাথে যারা মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের আশু সুস্থতা কামনা করেন নেতৃদ্বয়।
নেতৃদ্বয় আরো বলেন, বিস্ফোরণ ঘটনার কারণ উদঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ, নিহতদের পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং এই ভয়াবহ ঘটনায় যারা গুরুতর আহত হয়েছেন তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।










