spot_img

অনেকে আমাদের গালি দেয় : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমরা মানুষ, ফেরেশতা না। ভুল-ত্রুটি থাকবেই। অনেকে আমাদের গালি দেয়, আমাদের পরিবারকে নিয়ে যা-তা বলে।

তিনি বলেন, গতকালও (সোমবার) আমাদের সাথে যারা থাকে তাদেরকে কুকুর বলে আখ্যায়িত করা হলো। কিন্তু কোনো দুঃখ নাই। মানুষ সৃষ্টির সেরা জীব। এই জীবকে যারা কুকুর বলে গালি দেয়, তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাই।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে মদনপুর ইউনিয়নস্থ বাগদোবাড়িয়া ভাষা সৈনিক নাগিনাজোহার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ে এক দু’আ অনুষ্ঠানে শামীম ওসমান এসব কথা বলেন।

এমপি শামীম ওসমান বলেন, কয়দিন বাঁচি ঠিক নাই। অনেক গালাগালি অনেক কিছু শুনছি। আজকে যদি আগের শামীম হতাম, এই গালাগালের জবাব দিতে দুই মিনিট সময় লাগতো। ধৈর্য ধরেছি কেননা ধৈর্য ধারণকারীকে আল্লাহ পছন্দ করেন। দু’আ করবেন।

তিনি বলেন, যারা লুণ্ঠন করে আজ টাকার পাহাড় গড়েছে, তারা অনেক কথাই বলে; শুধু শুনি। যারা মানুষের নামে গিবত করে বেড়ায় তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই।

মায়ের জাতকে অত্যন্ত শ্রদ্ধা করেন জানিয়ে নারায়ণগঞ্জের এই সংসদ সদস্য বলেন, বাচ্চাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। মা কি জিনিস এটার কোনো ব্যাখ্যা নাই। যাদের মা আছে তারা সৌভাগ্যবান। যার নাই সে দুর্ভাগ্যবান। আমি ও আমার বড় ভাই সেলিম ওসমান, আমরা দুর্ভাগা। আজ আমরা এতিম। মায়ের অভাব কখনও পূরণ হবার নয়। এ সময় তিনি তার মায়ের জন্য দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান, বন্দর উপজেলার নির্বাহী অফিসার বিএম কুদরত-ই-খুদা, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ